২০০৮ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন। যেহেতু ২০০৮ সানের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
- এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০০৭-০৮ অর্থ বৎসর) আইন, ২০০৯ নামে অভিহিত হইবে।
- এই আইন ১৬ আষাঢ়, ১৪১৫ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০০৮ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
ধারা ২: ২০০৭-০৮ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৮৪০৫,৯৩,২০,০০০ টাকা প্রদান
এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ২০০৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সে সকল ব্যয় নির্বাহের জন্য উক্ত তফসিলের কলাম ৫ এ উল্লিখিত আঠার হাজার চারশত পাঁচ কোটি তিরানব্বই লক্ষ বিশ হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।
ধারা ৩: নির্দিষ্টকরণ
এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৮ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বৎসরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইল।
ধারা ৪: রহিতকরণ
- নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০০৮ (২০০৮ সনের ৩৫ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।
- অনুরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত অধ্যাদেশের অধীনে কৃত বা গৃহীত ব্যবস্থাদি এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।