নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অভিগমন দলিল (Instrument of Accession) দাখিল করিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হইয়াছে; এবং যেহেতু চুক্তির বাস্তবায়নসহ ব্যাংকের সদস্য হিসাবে দায়-দায়িত্ব পালন এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল: -
ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
- (১)এই আইন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।
- (২)ইহা অবিলম্বে কার্যকর হইবে।
ধারা ২: সংজ্ঞা
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-
- (১)“চুক্তি” অর্থ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৫ জুলাই, ২০১৪ খ্রিষ্টাব্দ তারিখে সম্পাদিত Agreement on the New Development Bank;
- (২)“ব্যাংক” অর্থ চুক্তির অধীন প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক; এবং
- (৩)“তফসিল” অর্থ এই আইনের তফসিল।
ধারা ৩: আর্থিক সংস্থান
- (১)চুক্তির ANNEX এ বর্ণিত Articles of Agreement of the New Development Bank এর Article 7, 8 ও 9 এর অধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে প্রদেয় প্রয়োজনীয় সমুদয় অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদত্ত হইবে।
- (২)চুক্তি অনুসারে ব্যাংক হইতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ সংযুক্ত তহবিলে জমা হইবে।
ধারা ৪: ব্যাংকের আমানতদার
বাংলাদেশে অবস্থিত ব্যাংকের ধারণকৃত বাংলাদেশি মুদ্রা বা অন্যান্য পরিসম্পদের আমানতদার (depository) হইবে বাংলাদেশ ব্যাংক।
ধারা ৫: চুক্তির কতিপয় বিশেষ বিধানের আইনগত মর্যাদা
আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, তফসিলে উল্লিখিত চুক্তির বিধানাবলি বাংলাদেশে আইনের মর্যাদাসম্পন্ন হইবে:
তবে শর্ত থাকে যে, চুক্তির ANNEX এ বর্ণিত Articles of Agreement of the New Development Bank এর Article 34. Exemption from Taxation সংক্রান্ত বিধানের এইরূপ কোনো ব্যাখ্যা করা যাইবে না, যাহা-
- (ক)ব্যাংক কর্তৃক কোনো প্রকার পণ্য শুল্কমুক্তভাবে আমদানি করা হইলে পরবর্তীতে কোনো নিয়ন্ত্রণ ব্যতীত বাংলাদেশে উহা বিক্রয়ের অধিকার বর্তায়; অথবা
- (খ)বিক্রীত পণ্যের মূল্যের অংশ হিসাবে ব্যাংককে শুল্ক বা কর হইতে অব্যাহতি প্রদান করে বা প্রদত্ত সেবার মূল্যের অধিক হয়।
ধারা ৬: চুক্তির অধীন বাধ্যবাধকতা এবং দায়িত্ব পালনে পদক্ষেপ গ্রহণের ক্ষমতা
সরকার, চুক্তির অধীন আর্থিক বাধ্যবাধকতা ও দায়িত্ব পালনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করিবে।
ধারা ৭: তফসিল সংশোধনের ক্ষমতা
সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পরবর্তীতে চুক্তির সংশোধনীর সহিত সামঞ্জস্য রাখিয়া তফসিল সংশোধন করিতে পারিবে।
ধারা ৮: বিধি প্রণয়নের ক্ষমতা
সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে।
ধারা ৯: ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ
- (১)এই আইন প্রবর্তনের পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।
- (২)মূল বাংলা পাঠ এবং ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।