BD Law

বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪

2 min read · Official source

Act information
Official source
bdlaws.minlaw.gov.bd/act-1511.html
Act number
1511
Year
2024
Enacted
2024-11-28
Copied on
2026-11-19
Language
Bengali (Bangla)
Sections
2
প্রস্তাবনা

বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ রহিতকরণকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১০ সালের ৫৪ নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

  1. (১)এই অধ্যাদেশ বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হইবে।
  2. (২)ইহা অবিলম্বে কার্যকর হইবে।

ধারা ২: ২০১০ সনের ৫৪ নং আইন রহিতকরণ ও হেফাজত

  1. (১)বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১০ সনের ৫৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।
  2. (২)উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও-
    1. (ক)উক্তরূপ রহিতকরণের অব্যবহিত পূর্বে উক্ত আইনের আওতায় সম্পাদিত চুক্তি বা সম্পাদিত চুক্তির অধীন গৃহীত কোনো ব্যবস্থা বৈধভাবে সম্পাদিত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
    2. (খ)উক্ত আইনের আওতায় সম্পাদিত চুক্তির অধীন চলমান কোনো কার্যক্রম এমনভাবে অব্যাহত থাকিবে অথবা নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই; এবং
    3. (গ)দফা (ক) ও (খ) তে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, জনস্বার্থে, উক্ত আইনের অধীন গৃহীত কোনো কার্যক্রম পর্যালোচনা করিবার অধিকার সংরক্ষণ করিবে এবং উক্ত কার্যক্রমের বিষয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে।