[গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশটির কার্যকরতা লোপ পাইয়াছে।] বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন, ২০০২ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন, ২০০২ (২০০২ সনের ২৭ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
- (১)এই অধ্যাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ নামে অভিহিত হইবে।
- (২)ইহা অবিলম্বে কার্যকর হইবে।
ধারা ২: ২০০২ সনের ২৭ নং আইনের ধারা ২ এর সংশোধন
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন, ২০০২ (২০০২ সনের ২৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-
- (ক)দফা (খ)-তে উল্লিখিত “প্রতিষ্ঠানের” শব্দের পর “Monthly Payment Order (MPO)-ভুক্ত, অতঃপর এমপিওভুক্ত বলিয়া উল্লিখিত,” শব্দগুলি, বন্ধনী ও কমাগুলি সন্নিবেশিত হইবে;
- (খ)দফা (ছ)-তে উল্লিখিত “কলেজ” শব্দের পর “, দাখিল ও তদূর্ধ্ব পর্যায়ের সহিত সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা” কমা ও শব্দগুলি সন্নিবেশিত হইবে;
- (গ)দফা (ঝ)-তে উল্লিখিত “প্রতিষ্ঠানের” শব্দের পর “এমপিওভুক্ত” শব্দ সন্নিবেশিত হইবে।
ধারা ৩: ২০০২ সনের ২৭ নং আইনের ধারা ৬ এর সংশোধন
উক্ত আইনের ধারা ৬ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৬ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“৬। পরিচালনা পরিষদ গঠন।-(১) বোর্ডের একটি পরিচালনা পরিষদ থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
- (ক)সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
- (খ)মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন;
- (গ)মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর;
- (ঘ)মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর;
- (ঙ)চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা;
- (চ)সরকার কর্তৃক মনোনীত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক;
- (ছ)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা;
- (জ)কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা;
- (ঝ)জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা;
- (ঞ)অর্থ বিভাগ কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা;
- (ট)সরকার কর্তৃক মনোনীত এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ১১ (এগারো) জন শিক্ষক যাহাদের মধ্যে-
- (অ)২ (দুই) জন কর্মরত এবং একজন অবসরপ্রাপ্ত বেসরকারী কলেজের শিক্ষক;
- (আ)২ (দুই) জন কর্মরত এবং একজন অবসরপ্রাপ্ত বেসরকারী মাধ্যমিক স্কুলের শিক্ষক,
- (ই)২ (দুই) জন কর্মরত এবং একজন অবসরপ্রাপ্ত দাখিল ও তদূর্ধ্ব পর্যায়ের বেসরকারী মাদ্রাসার শিক্ষক,
- (ঈ)একজন বেসরকারী উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা ইনষ্টিটিউটের শিক্ষক; এবং
- (উ)একজন বেসরকারী কারিগরি মাধ্যমিক ইনষ্টিটিউটের শিক্ষক;
- (ঠ)সরকার কর্তৃক মনোনীত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৩ (তিন) জন কর্মচারী;
- (ড)পরিচালক, অবসর সুবিধা বোর্ড, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।
- (২)উপ-ধারা (১) এর দফা (ট) ও (ঠ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসরের মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বেই যে কোন সময় যে কোন সদস্যের মনোনয়ন বাতিল করিতে পারিবে: আরও শর্ত থাকে যে, উক্তরূপ যে কোন সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।”।
ধারা ৪: ২০০২ সনের ২৭ নং আইনের ধারা ৭ এর সংশোধন
উক্ত আইনের ধারা ৭ এর-
- (ক)দফা (ক)-তে উল্লিখিত “সুবিধাদি প্রদান” শব্দগুলির পরিবর্তে “সুবিধাদির অনুমোদন” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
- (খ)দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(খ) চাকরিরত অবস্থায় কোন শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ করিলে তাহার পরিবারকে প্রদত্ত অবসর সুবিধাদির অনুমোদন;”;
- (গ)দফা (গ) এর শুরুতে “সরকারের অনুমোদনক্রমে” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
- (ঘ)দফা (ঘ)-তে উল্লিখিত “অন্য যে কোন” শব্দগুলি বিলুপ্ত হইবে।
ধারা ৫: ২০০২ সনের ২৭ নং আইনের ধারা ৮ এর সংশোধন
উক্ত আইনের ধারা ৮ এর
- (ক)উপ-ধারা (২) এ উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে “সদস্য-সচিব” শব্দ প্রতিস্থাপিত হইবে;
- (খ)উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৩) চেয়ারম্যান পরিষদের সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন।”;
- (গ)উপ-ধারা (৪) এ উল্লিখিত “মোট সদস্যের” শব্দগুলির পর “অন্যূন” শব্দ সন্নিবেশিত হইবে;
- (ঘ)উপ-ধারা (৬) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৭) সংযোজিত হইবে, যথা:- “(৭) কোন কারণে বোর্ড গঠন করা সম্ভব না হইলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে, সরকারের অনুমোদনক্রমে, শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধাদি প্রদান করা যাইবে।”।
ধারা ৬: ২০০২ সনের ২৭ নং আইনের ধারা ৯ এর সংশোধন
উক্ত আইনের ধারা ৯ এর-
- (ক)উপ-ধারা (৩) এর দফা (ক)-তে উল্লিখিত “প্রথম” শব্দটি বিলুপ্ত হইবে;
- (খ)উপ-ধারা (৪) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৪) স্থায়ী তহবিলের অর্থ, সরকারের অনুমোদনসাপেক্ষে, কোন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বা সরকারি বন্ড বা বিলে বিনিয়োগ করিতে হইবে এবং বোর্ডের কোন কার্য সম্পাদনের উদ্দেশ্যে উক্ত তহবিলের অর্থ ব্যয় করা যাইবে না।”।
- (গ)উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৪ক) সন্নিবেশিত হইবে, যথা:- “(৪ক) স্থায়ী ও চলতি তহবিল প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে।”।
ধারা ৭: ২০০২ সনের ২৭ নং আইনের ধারা ১২ এর সংশোধন
উক্ত আইনের ধারা ১২ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১২ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“১২। বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী।- (১) বোর্ডের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে, পরিষদ সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।
- (২)বোর্ডের একজন পরিচালক থাকিবেন, যিনি সরকার কর্তৃক প্রেষণে নিযুক্ত হইবেন এবং তিনি বোর্ড কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত বাস্তবায়ন, দায়িত্ব পালন ও কার্যসম্পাদন করিবেন।”।
ধারা ৮: ২০০২ সনের ২৭ নং আইনের ধারা ১৪ এর সংশোধন
উক্ত আইনের ধারা ১৪ বিলুপ্ত হইবে।