খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২

4 min read · Official source

Preamble

খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়নকল্পে প্রণীত আইনি যেহেতু খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়নকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা

এই আইন খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ নামে অভিহিত হইবে৷

ধারা ২: সংজ্ঞা

বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,-

  1. “অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স” অর্থ খনি ও খনিজ সম্পদ আবিস্কারের উদ্দেশ্যে কোন ভূমিতে খনিজ বা খনিজ সম্পদ থাকার সম্ভাবনা পরীক্ষা বা অনুসন্ধানের জন্য প্রদত্ত লাইসেন্স;
  2. “খনিজ সম্পদ” অর্থে এমন বস্তু যাহা সাধারণতঃ প্রাকৃতিকভাবে ভূত্বকের অংশ হিসাবে পাওয়া যায় বা ভূ-ত্বকের মধ্যস্থিত বা উপরিভাগস্থ পানিতে দ্রবনীয় বা নিলম্বিত থাকে, বা উক্তরূপ বস্তু হইতে নিষ্কাশন করা যায় এমন বস্তুকে বুঝাইবে, এবং-
    1. সিরামিক, রিেফ্রক্টরী ও শোষণক্ষম সম্বন্ধীয় জিনিস তৈরীতে ব্যবহৃত ক্লে;
    2. রাসায়নিক জিনিস ঘষামাজা ও ঢালাই করার বালুর জন্য ব্যবহৃত সিলিকাবালুসহ সিলিকা (silica);
    3. অক্ষত, খণ্ডিত ও স্লাব আকারে ব্যবহৃত বালু, নুড়ীপাথর বা শিলা;
    4. সকল প্রকার চুনাপাথর;
    5. পিটসহ সকল প্রকার কয়লা;
    6. কয়লা বা শেইল (shale) খনন, নিষ্কাশন বা উত্পাদন কাজের সহিত সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং কয়লা খনন কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় মিথেন (methane) গ্যাস;
    7. কয়লা বা শেইল প্রাপ্তিস্থানে উক্ত পদার্থের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নিষ্কাষিত বা উত্পাদিত খনিজ তৈল বা গ্যাস; ইহার অন্তর্ভুক্ত হইবে, কিন্তু-
    8. জীবিত কোন বস্তু;
    9. সামুদ্রিক পানি হইতে নিষ্কাষিত লবন, বা
    10. পানি;
    11. দি পেট্রোলিয়াম এ্যাক্ট ১৯৭৪-এর আওতাধীন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস; ইহার অন্তর্ভুক্ত হইবে না;
  3. “খনি” অর্থ খনিজ সম্পদ অনুসন্ধান ও অর্জনের উদ্দেশ্যে খনন কাজ;
  4. “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
  5. “ভূমি” অর্থে-
    1. নদী, খাল, জলপ্রবাহ, জলপ্লাবিত এলাকার তলদেশ;
    2. বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমার অন্তর্বর্তী মহাসাগরের অন্তরস্থ কিংবা বাংলাদেশের মহীসোপানের উপরিস্থ মহাসাগরের অন্তঃস্থ সকল ভূমি;
    3. ভূমির অভ্যন্তরস্থ, উপরিস্থ ও উপরিভাগস্থ পানি; কে বুঝাইবে৷
ধারা ৩: অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা, ইত্যাদি

বিধির বিধান অনুসরণ ব্যতীত অন্য কোন পন্থায় অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স বা খনিজ ইজারা বা সুবিধা প্রদান করা যাইবে না৷

ধারা ৪: বিধি প্রণয়নের ক্ষমতা
  1. সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা বা সুবিধা প্রদান এবং খনিজ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যে বিধি প্রণয়ন করিতে পারিবে৷
  2. বিশেষ করিয়া উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:-
    1. অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা ও সুবিধা প্রদানের পদ্ধতি ও তজ্জন্য আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ ও আবেদন ফিস;
    2. অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা ও সুবিধা প্রদানের শর্ত;
    3. অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা ও সুবিধা প্রদানজনিত ফরম উহাদের নবায়ন ফরম;
    4. অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা ও সুবিধার আবেদন না-মঞ্জুর ও প্রদত্ত লাইসেন্স, ইজারা ও সুবিধা বাতিলের বিষয়;
    5. লাইসেন্স প্রাপক বা ইজারা ও সুবিধাগ্রহীতা কর্তৃক প্রদেয় কর, ভাড়া ও রয়্যালটি নির্ধারণ এবং উহা পরিশোধের শর্ত ও নিয়মাবলী;
    6. আকরিক পদার্থের বিশোধন;
    7. খনিজ সম্পদের উত্পাদন, মজুদকরণ এবং বিতরণ নিয়ন্ত্রণ;
    8. ইঞ্জিন, মেশিন অথবা অন্য সাজসরঞ্জাম নিয়ন্ত্রণের মাধ্যমে খনিজ সম্পদের উন্নয়ন;
    9. খনিজ সম্পদের অপচয় রোধ;
    10. অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন বন্ধকরণ এবং অবৈধভাবে উত্তোলিত খনিজ সম্পদ বাজেয়াপ্ত এবং উহাদের ব্যবস্থাপনা;
    11. উপরিউক্ত বিষয়ের জন্য প্রয়োজনীয় ও আনুষংগিক যে কোন বিষয়৷
ধারা ৫: দণ্ড

বিধি দ্বারা ধারা ৪ এর অধীন প্রণীত বিধিমালা লংঘনের দণ্ডের বিধান করা যাইবে:

তবে শর্ত থাকে যে, উক্তরূপ লংঘনকারী ব্যক্তি অনধিক ৩ বত্সরের কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইতে পারেন৷

ধারা ৬: অব্যাহতি প্রদানের ক্ষমতা

সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,-

  1. যে কোন খনিজ সম্পদ বা কোন শ্রেণীর খনিজ সম্পদকে বিধির সকল বা যে কোন বিধান হইতে অব্যাহতি দিতে পারিবে;
  2. প্রজ্ঞাপনে উল্লেখিত বিধির সংশোধন বা শর্ত সাপেক্ষে যে কোন খনিজ সম্পদ বা যে কোন শ্রেণীর খনিজ সম্পদের ক্ষেত্রে বিধি প্রয়োগের বিধান করিতে পারিবে৷
ধারা ৭: রহিতকরণ ও হেফাজত
  1. The Mines and Minerals (Regulation and Development) Act, 1967 (E. P. Act II of 1968) এতদ্‌দ্বারা রহিত করা হইলি
  2. উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত আইনের অধীন-
    1. প্রণীত সকল বিধি এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবত্ থাকিবে;
    2. প্রদত্ত সকল লাইসেন্স, ইজারা ও সুবিধা, এই আইনের প্রয়োজন অনুযায়ী সংশোধন বা পরিবর্তন না হওয়া পর্যন্ত, কার্যকর থাকিবে৷

Personal project, not an official legal source: pages are scraped copies of official Bangladesh law websites, kept for personal use. Read the full notice.